ছবিঃ অনলাইন।
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেনসিভেনিয়ায় নির্বাচনী এক সমাবেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে গুলি ট্রাম্পের কানে লাগায় আহত হন তিনি।বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল শনিবার এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এই হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, ট্রাম্পের ওই সমাবেশে প্রাণ হারিয়েছেন উপস্থিত এক সাধারণ নাগরিক। আর মঞ্চ থেকে নামিয়ে নেয়ার সময় ট্রাম্পের ডান গাল ও কান থেকে রক্ত ঝরতে দেখা গেছে। এদিকে ঘটনার কিছুক্ষণ বাদেই হামলাকারী স্নাইপারও নিহত হয়েছেন সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে।
সিক্রেট সার্ভিস টিম জানিয়েছে,সাবেক মার্কিন প্রেসিডেন্টকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন।
হামলার প্রতিক্রিয়ায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। আমাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে যা আমার ডান কানকে আহত করেছে।
ট্রাম্প তার সামাজিক মাধ্যমে বলেন, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, ভিন্ন কিছু একটা ঘটছে। আমি হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়া ভেদ করে যাচ্ছে বলে বুঝতে পারলাম। অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি আমার সাথে কী ঘটেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।