ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার ৬ষ্ঠতম দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় ১৮নং ওয়ার্ডের নবীনগরের মো: মামুন-কে ৩ হাজার টাকা, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিকানাধীন জায়গা অপরিচ্ছন্ন থাকায় হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা আশিকুর রহমান-কে ৫ হাজার টাকা, বিকে ক্রস রোডের বাসিন্দা বারেক মাস্টার-কে ২ হাজার টাকা এবং ২৬নং ওয়ার্ডের তাবলীগ মসজিদের পিছনের বাড়ির মালিক মো: ইমরান-কে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন করবে মর্মে ৫টি বাড়ির মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার প্রজনন স্থান পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার মধ্যে ঝোপঝাড়, টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে ল্য রাখাসহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কেএমপি’র পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।