গ্রেফতারকৃত মির্জা ফখরুলের জামিন মেলেনি

নিউজ ডেস্কঃ
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে শুনানি হয়। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। আর রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে, ২০ নভেম্বর মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন (২২ নভেম্বর) ধার্য করেন।

২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অনলাইন।

অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।