গোপালগঞ্জে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মারা গেছেন, গুলিবিদ্ধ আরও দুজন ঢামেক হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্কঃ

গোপালগঞ্জে গত ১৬ জুলাই সহিংস ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে (১৮ জুলাই) তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনার দিন গোপালগঞ্জ শহরের সিনেমা হলের পাশে রিকশা থেকে যাত্রী নামায়। এরপর ফেরার পথে গত বুধবার(১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে রমজান গুলিবিদ্ধ হন। 

 

 তার ডান হাতের কব্জির ওপর ও ডান বগলে গুলি লাগে। এরপর গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে সেখান থেকে তাকে ঢামেকে আনা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তিনি মারা যান।

জানা গেছে, গোপালগঞ্জের সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুজন— সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।