খুলনাঞ্চল সম্পাদক মিলটন ও এসএ টিভির ব্যুরো প্রধান মতির বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি

দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিলটন ও এসএ টিভি খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়—সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ দুই সাংবাদিককে নিয়ে ভুয়া সংলাপ, মনগড়া বক্তব্য ও বিকৃত ছবি প্রচার করছে। এগুলো সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যমূলক, সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য অপচেষ্টা।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন—একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জুড়ে ভুয়া প্রচারণা চালানো শুধু অনৈতিক নয়, আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্র ও সমাজ গঠনে সংবাদপত্র ও সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত হলে গণতন্ত্র কখনোই সুসংহত হতে পারে না। শহীদদের রক্ত ও ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকারকে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, যা মুক্ত গণমাধ্যমের প্রতি আঘাত।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি স্পষ্টভাবে জানিয়ে দেয়—সাংবাদিকদের মানহানি, স্বাধীন মতপ্রকাশ রুদ্ধ ও গণমাধ্যমের কণ্ঠরোধের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, কোষাধাক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সংগঠনের সকল সদস্য তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তির