খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে কেসিসি ও দুইটি পার্টনার এনজিও এ্যাডামস ও বাপসা’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ-এর উপস্থিতিতে সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
কেসিসি’র পক্ষে প্রশাসক মো: মোখতার আহমেদ, পার্টনার সংস্থা এ্যাডামস-এর পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম এবং বাপসা’র পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক আলতাপ হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ০১ জানুয়ারি ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।
কেসিসি প্রশাসক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য নগরী থেকে খুলনা ভালো অবস্থানে আছে উল্লেখ করে বলেন, সম্পূর্ণ সেবামূলক এ কার্যক্রমের পরিধি আরো বাড়াতে হবে। বিশেষ করে সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সমঝোতা স্মারকে উল্লিখিত শর্তাবলী মেনে উভয় সংস্থা প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণে নিবেদিত হয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানাম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান, এ্যাডামস-এর উপনির্বাহী পরিচালক আশিক মাহমুদ ও প্রজেক্ট ম্যানেজার মো: মাহবুবুল আলম, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার মো: গোলাম রসুলসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
উল্লেখ্য, নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, কেসিসি ও পার্টনার এনজিওসমূহের যৌথ অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নগরীর ‘এরিয়া-১’ এ বেসরকারি সংস্থা ‘এ্যাডামস’ এবং ‘এরিয়া-২’ এ ‘বাপসা’ মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।খবরঃ বিজ্ঞপ্তির