ঈদে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
সুন্দরবনে প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামলেও এবার চিত্র থাকবে ভিন্ন। ঈদুল আজহার ছুটিতে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না তারা।

বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত থাকবে এ প্রজনন মৌসুম। ফলে প্রজনন মৌসুমকে ঘিরে সাগর ও সুন্দরবনের নদী-খালে জেলেদের মাছ শিকার এবং পর্যটনবাহী নৌযান চলাচলে মৎস্য অধিদপ্তর ও বনবিভাগের নিষেধাজ্ঞা চলছে। বিশেষ করে সুন্দরবনের নদী-খালে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে পর্যটনবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। ফলে চলমান নিষেধাজ্ঞায় সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। অনলাইন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘সুন্দরবনের নদী ও খালে মাছের প্রজনন স্বাভাবিক রাখতে ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত পর্যটকবাহী নৌযান সুন্দরবনের অভ্যন্তরে চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে নিষেধাজ্ঞার সময় জুড়ে সুন্দরবনে পর্যটকদের আগমন এবং ভ্রমণ বন্ধ থাকবে।’