স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। যার মধ্যদিয়ে প্রায় ৩৬ বছরের শিরোপা ঘোচানোর পথে বেশ খানিকটা এগিয়ে গেলো আলবিসেলেস্তেরা।
মঙ্গলবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে খেলতে নেমে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি । এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।
ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আর্জেন্টাইন রক্ষণে চাপ তৈরি করতে থাকে ক্রোয়েশিয়া। তবে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের নৈপুণ্যে ডি-বক্সে ঢোকার সুযোগ পায়নি মদ্রিচরা। ১৬ মিনিটে প্রথম কর্নার তুলে নেয় ক্রোয়াটরা। ১৭ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় গত আসরের রানার্সআপরা। তবে তাদের সে শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
অন্যদিকে ম্যাচের ১৮ মিনিট পেরিয়েও আক্রমণে বেশ ব্যাকফুটে ছিলো আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ৬৫ শতাংশের বিপরীতে মেসিরা তখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ সময় বল দখলে রাখতে পেরেছিলো। তবে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অনলাইন।
বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিলো ক্রোয়েশিয়া। তবে ওতামেন্দি ও এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে তাদের সে সুযোগ বিফলে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা খানিকটা রক্ষণাত্মক ফুটবল খেলছিলো। তবে প্রতি আক্রমণও করছিলো সুযোগ বুঝে। তেমনই এক আক্রমণের শেষে আর্জেন্টিনা পায় তৃতীয় গোলের দেখা। ক্রোয়াট বিপদসীমার ডান দিক থেকে ঢুকে তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে অ্যালভারেজকে বলটা বাড়ান মেসি। প্রথম ছোঁয়াতেই তিনি বলটা জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার জালে। ফলে ম্যাচের ৬৯ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ গোলে।