আইনজীবী লতিফুর রহমান লাবুর ইন্তেকাল

  • ফাইল ছবি।

প্রতিবেদকঃ
এডভোকেট লতিফুর রহমান লাবু হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৫-০৮-২০২৪ তারিখে রাত ৩: ২০ মিনিটে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
টুটপাড়া বালু মাঠ এলাকার স্থায়ী নিবাসী লতিফুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার পরিবার জানান, আজ রোববার জহরবাদ খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকালে তার পৈত্রিক বাড়ি বটিয়াঘাটা সুরখালি নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

।। এডভোকেট লতিফুর রহমানের বর্ণাঢ্য জীবন।।

এডভোকেট লতিফুর রহমান লাবু ১৯৫২ সালের বটিয়াঘাটার সুরখালি গ্রামের ঐতিহ্যবাহী জম্মাদ্দার বংশে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবন হতেই তিনি রাজনৈতিক সচেতন একজন মানুষ ছিলেন।বাংলাদেশের স্বাধীনতার পূর্বে তিনি মুসলিম লীগের সক্রিয় রাজনীতি করতেন।

এরপর শিক্ষা জীবন শেষ করে খুলনা জজ কোর্টে একজন নিয়মিত আইনজীবি হিসাবে কর্মে যোগদান করেন।

১৯৮৫ সনে লতিফুর রহমান লাবু বৈবাহিক জীবন শুরু করেন। তার স্ত্রী সামসুনন্নাহার পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিলেন।

এডভোকেট লতিফুর রহমান লাবু আশির দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে সদা মিস্টভাষী লতিফুর রহমান জাতীয় পার্টি থেকে খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহন করেন।

১৯৯৫ সালের দিকে আলাইপুর কলেজ,রুপসা খুলনার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি একবার সুনামের সাথে জজকোট, খুলনার পিপি ( পাবলিক প্রসিকিউটর) হিসাবে দায়িত্ব পালন করেছেন।