অবৈধ কর্মীদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধ করা হচ্ছেঃ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল বলেছেন, অবৈধ কর্মীদের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধ করা হচ্ছে ।
নিউজ ডেস্কঃ

আজ রোববার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় দেড় ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল বলেন, ‘মালয়েশিয়ায় অনেক অবৈধ কর্মী আছেন। তাদেরকে একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে বৈধ করা হচ্ছে। গত ২৭ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।’

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহে বৈধকরণের যা অনুমোদন আমরা দিয়েছি, তার ৫৫ শতাংশ বাংলাদেশি। আমি মন্ত্রী ইমরান আহমেদকে অনুরোধ জানিয়েছি সহযোগিতার জন্য, বাংলাদেশ যেন তাদের অংশটুকু পালন করে, যেন আমরা আমাদের কর্মীর চাহিদা পূরণ করতে পারি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনুমোদন দেয়ার সময় কমিয়ে এনেছি। আগে ২০ থেকে ৩০ দিন সময় নেয়া হতো। এখন ২ থেকে ৩ দিনে অনুমোদন দেয়া হচ্ছে। এটি একটি বড় নীতিগত পরিবর্তন।

তিনি বলেন, আজকের আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিল সমঝোতা চুক্তি। চাহিদা পূরণ করা, ব্যয় কমানো, বিদেশি কর্মীদের সম্মান রক্ষা করার লক্ষ্যে মালয়েশিয়া সরকার প্রক্রিয়া সহজতর করতে চায়। বর্তমান প্রক্রিয়ায় সেই লক্ষ্যে পৌঁছানো না গেলে আমরা পরিবর্তন আনতে প্রস্তুত। সেজন্য আমরা আলোচনায় বসবো।

বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে জানিয়ে সাইফুদ্দিন নাসুসন বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ১৫ লাখ বিদেশি কর্মীর মধ্যে সাড়ে ৪ লাখ বাংলাদেশি। সেই কারণেই বাংলাদেশ ১৫টি উৎস দেশের মধ্যে প্রথম স্থানে আছে। তথ্যঃ অনলাইন।

তিনি আরও বলেন, আমাদের আজকে দুটি ইস্যুতে ফলপ্রসূ আলাপ হয়েছে। প্রথমত রিক্যালিব্রেশন প্রোগ্রাম আরও দ্রুত করার বিষয়ে। দ্বিতীয়ত মালয়েশিয়া সরকার অভিবাসন ব্যয় কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় অন্যদের মধ্যে সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।