কেসিসি নির্বাচনে ৭ মেয়রপ্রার্থীসহ ১৯৫ জন মনোনয়ন জমা দিয়েছেন

ছবিঃ আওয়ামী লীগ মনোনীত কেসিসি মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন।

নিউজ ডেস্কঃ
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মঙ্গলবার শেষ দিন পর্যন্ত ১৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮ জন প্রার্থী। এর মধ্যে জমা দিয়েছেন সাত জন মেয়রপ্রার্থী। অনলাইন।

মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু, জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম। এছাড়া মেয়র পদে সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস মনোনয়নপত্র সংগ্রহ করলেও দলীয় সিদ্ধান্তে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে কেসিসি নির্বাচন থেকে সরে দাড়ান।

এদিকে নগরীর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪৯ জন প্রার্থী। আর সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী।