ডা. জাফরুল্লাহ চৌধুরী সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত

নিউজ ডেস্কঃ
সাভারের নিজের গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেয়া হয় ডা. জাফরুল্লাহর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

পরে জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তার মরদেহ দাফন করা হয়।

জানাজায় অংশ নেয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাসিন্দাসহ প্রায় ১০ হাজার মানুষ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।