গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন শুক্রবার বাদ জুমা

নিউজ ডেস্কঃ

কাল শুক্রবার বাদ জুমা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন হবে। সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেইটের বাম পাশে তাকে কবর দেয়া হবে। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর একমাত্র ছেলে বারিশ চৌধুরীর ও তার পরিবারের সিন্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল শুক্রবার বাদ জুমা সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেইটের বাম পাশে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেয়া হবে। এদিন সকাল ১০টা হতে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত সর্ব সাধারণের জন্য মরদেহ দেখার জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৪র্থ জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ ফ্রিজাব ভ্যানে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে মরদেহসহ গাড়ি থাকবে।

এর আগে সকাল ৮ টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বাসায় নেয়া হয়। সেখানে এলাকার সর্বস্তরের মানুষ তাকে শেষ বিদায় জানান। সকাল ৮ টা ৪৫ মিনিটে সেখানে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

২য় জানাজা ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। ডা. জাফরুল্লাহর মরদেহ তার স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ১ ঘণ্টা রাখা হয়। চিকিৎসক ও ছাত্র-ছাত্রীরা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হয়। বেলা ১টা পর্যন্ত মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বেলা ২টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে ৩য় জানাজা অনুষ্ঠিত হয়।