উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় আ”লীগকে ক্ষমতাসীন করা দরকারঃ কেসিসি মেয়র 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর দরিদ্র ও
স্বল্প আয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আগামী সিটি কর্পোরেশন
নির্বাচন এবং সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী
করতে হবে। সঠিক নেতৃত্ব না থাকলে দেশের উন্নয়ন ঘটেনা উল্লেখ করে তিনি
বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মত যোগ্য
নেতৃত্ব দায়িত্বশীল আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে।
উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে গরীব দু:খী স্বল্প আয়ের মানুষের জীবনমান
উন্নয়নে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতাসীন করা দরকার।
সিটি মেয়র আজ বৃহস্পতিবার সকালে নগরীর দোলখোলা ইসলামপুর মোড়ে
ইছামতি সিডিসি ক্লাস্টারের সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা
বলেন। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান
উন্নয়ন প্রকল্পের আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব
করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার জনগণের
কল্যাণে প্রতিবন্ধী ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ
বিভিন্ন সহযোগিতা প্রদান করছে। এছাড়া করোনা সংক্রমণকালে দরিদ্র ও স্বল্প
আয়ের মানুষকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্যাপক হারে
আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে নগরীর একত্রিশটি
ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা সহায়তা, ব্যবসার মাধ্যমে
দারিদ্র লাঘবের জন্য আর্থিক সহায়তা, শিশুদের পুষ্টির চাহিদা পূরণের জন্য পুষ্টিকর
খাবার ক্রয়ে সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর
বসতি এলাকায় বহু রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। আগামী দু’হাজার ত্রিশ সাল
পর্যন্ত খুলনা মহানগরীতে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ
করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা
খাতুন, জেলা আওয়ামী লীগ নেতা অসীত বরণ বিশ্বাস, ২৭ নং ওয়ার্ড আ’লীগের
সভাপতি মোঃ ফেরদাউস হোসেন লাবু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এশারুল হক,
২৭ নং মহিলা আ’লীগের সভানেত্রী মোরশেদা আক্তার মলি প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে ২৭ নং ওয়ার্ডের সিডিসি’র সাংগঠনিক রিপোর্ট পেশ করেন
ক্লাস্টার নেত্রী মনিরা আফরীন। ক্লাস্টার ও সিডিসি’র নেতা-কর্মীসহ স্থানীয়
আওয়ামী লীগ নেতা-কর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানের সিটি মেয়র সিডিসি নেতৃবৃন্দকে ক্রেস্ট উপহার দেন।খবরঃ বিজ্ঞপ্তির