খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের
উন্নয়নে নারী-পুরুষ সমভাবে অবদান রাখতে হবে। নারী নেতৃত্ব প্রতিষ্ঠার
কারণে দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের এ
ধারা অব্যাহত রাখতে হবে।
সিটি মেয়র আজ রবিবার বিকেলে উমেষচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে
‘‘উন্নয়ন অগ্রযাত্রায় নারীর ভূমিকা, নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’’ শীর্ষক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আন্তর্জাতিক
নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা কনফিডেন্স দারিদ্র
বিমোচন কল্যাণ সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের
উন্নয়ন প্রচেষ্টায় আগামী ৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং ৪১
সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদায় উন্নীত হবে। বর্তমান সরকার
কর্তৃক নারীদের কল্যাণে উপবৃত্তিসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় তুলে
ধরে তিনি বলেন, এ সকল কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ে নারীরা উপকৃত
হচ্ছে।
সংস্থার চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম রায়হান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান
রুনু ইকবাল বিথার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা.
গৌতম রায়। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের পশ্চিমবঙ্গ
থেকে আগত জেনারেল এন্ড্রোমেট্রিওসিস সোসাইটির সেক্রেটারী ডা.
প্রদীপ কুমার মিত্র ও খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী লিপিকা
সেন চ্যাটার্জী। স্বাগত বক্তৃতা করেন সংস্থার সেক্রেটারী তাপস কুমার
রায়।
অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের
সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সিটি মেয়র সংস্থাভুক্ত কর্মজীবী নারীদের
মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির