আবহাওয়া ডেস্কঃ
পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা কমতে পারে । সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও রাজারহাটে ১২ দশমিক ৮, ডিমলায় ১৩ দশমিক ৫, সৈয়দপুর ও রাঙ্গামাটিতে ১৪ দশমিক ০, রংপুরে ১৪ দশমিক ২, সীতাকুন্ড ও কুতুবদিয়ায় ১৪ দশমিক ৬ এবং দিনাজপুরে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে। ভোর ও মধ্য রাতে কুয়াশাও পড়ছে।
এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮, রাজশাহীতে ১৬ দশমিক ৫, রংপুরে ১৪ দশমিক ২, ময়মনসিংহে ১৬ দশমিক ০, সিলেটে ১৬ দশমিক ২, চট্টগ্রামে ১৬ দশমিক ৫, খুলনায় ১৯ দশমিক ০ এবং বরিশালে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘণ কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
এদিকে শেষ রাত ও সকালে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।তথ্যঃ বাসস।
ঢাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। মঙ্গলবার সকালে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সিলেটে ৮ মিলিমিটার, টাঙ্গাইলে ৬ মিলিমিটার, নিকলিতে ৫ মিলিমিটার, বগুড়ায় ৩ মিলিমিটার, নেত্রকোনায় ২ মিলিমিটার এবং রাজশাহী ১ ও তাড়াশে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।