শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া-গাজীপুরে ২০১ পোশাক কারখানা বন্ধ

নিউজ ডেস্কঃ

শ্রমিক অসন্তোষের জেরে আজ বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের অন্তত ২০১টি পোশাক কারখানায় কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১১২টি এবং গাজীপুরে ৮৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান(গণমাধ্যমে প্রকাশ) , সাভার ও আশুলিয়ায় আজ ১১২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ করা হয়েছে ১৪টি কারখানা। নোটিশের মাধ্যমে আগেই সাধারণ ছুটি দেওয়া ছিল আটটিতে। সেইসঙ্গে আজ নতুন করে ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন(গণমাধ্যমে প্রকাশ)  জানান, অসন্তোষের জেরে গাজীপুরে মোট ৮৯টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৫০টি কারখানায় সাধারণ ছুটি এবং বাকি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।