খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে ৮তম দিনে ‘সংস্কৃতি ও নৈতিকতা’ বিষয়ক সেমিনার আজ (মঙ্গলবার) সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বইমেলা শুধু বইয়ের বাজার তৈরি করে না, এটি একটি শহরের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। বইমেলা মানুষের মধ্যে নতুন সামাজিক বন্ধন তৈরি করে। আমরা প্রায়ই বলি আমাদের সমাজ বদলে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা, প্রযুক্তি, চিন্তা-ধারা বদলে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে একটি চিন্তা থেকেই যাচ্ছে, আমি শুধু আধুনিকই হচ্ছি নাকি আরো মানবিক, সহনশীন ও মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে উঠছি। সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় বহন করে। সংস্কৃতি ও নৈতিকতা একটি অপরটির পরিপূরক। নৈতিকতা ছাড়া সংস্কৃতি মূল্যহীন। সংস্কৃতি ও নৈতিকতার অন্যতম ধারক ও বাহক হচ্ছে বই।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে। তাদের মধ্যে নৈতিকতারও সংকীর্ণতা তৈরি হচ্ছে দিনদিন। একটি ভালো বই একটি মানুষের জীবনের পেক্ষাপট বদলে দিতে পারে। বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে এ দেশের সংস্কৃতি ও নৈতিকতাবোধ আরও সমৃদ্ধ হবে। আমরা নিজেরা বই পড়বো এবং অন্যদেরকে বই পড়তে উৎসাহিত করবো তাহলেই এ বইমেলা স্বার্থকতা পাবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান ও খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। প্রধান আলোচক ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালাম। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। অনুষ্ঠানে আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সৈয়দ আমানুল ইসলাম। খবরঃ নিজ্ঞপ্তির