জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবেঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

মাগুরার শালিখা উপজেলার নাঘোসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বিকেলে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশ গঠন ও জাতীয় উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে খেলাধুলা এবং দেশীয় সংস্কৃতি চর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন সংস্কৃতি মন্ত্রী। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত করতে হবে।

তালখড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং মাগুরা জেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান চকলেট। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। খবরঃ বিজ্ঞপ্তির