খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়ে জেলা পুলিশের চিঠি

নিউজ ডেস্কঃ

সম্প্রতি খুলনায় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ (গনমাধ্যমে প্রকাশ)। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় আহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ সময় তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

  এ ঘটনায় বিশেষ অভিযানে অংশ নেওয়া ও দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে চিঠি দিয়েছে খুলনা জেলা পুলিশ।

চিঠিতে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। ইদানীং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাতে একাকী চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।