বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিচ্ছন্নতাকর্মীদের উন্নত জীবনমান নিশ্চিত এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তারা আমাদের বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে বলেই আমরা স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারছি। তাদের প্রতি সম্মান, সহমর্মিতা ও ন্যায্য আচরণ করা আমাদের কর্তব্য।
তিনি আজ (শুক্রবার) সকালে যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সাত তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধি, উন্নত স্বাস্থ্যসেবা এবং সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি মানসম্মতভাবে ভবনটি নির্মাণে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে সাত তলাবিশিষ্ট একটি আধুনিক আবাসিক ভবন। ভবনটিতে থাকবে মোট ৪৮টি ফ্ল্যাট। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১২৩ টাকা। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোর। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের এপ্রিল মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবনে কমিউনিটি সেন্টার, জেনারেটর, সাবস্টেশন, লিফট, সৌরবিদ্যুৎ ব্যবস্থাসহ আরও বিভিন্ন সুবিধা থাকবে। এই আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে যশোরের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিরাপদ, উন্নত ও স্বাস্থ্যসম্মত আবাসনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন।খবরঃ বিজ্ঞপ্তির