প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি নারী শিক্ষা প্রসারে বিশেষ অবদান রেখে চলেছেঃ কেসিসি প্রশাসক 

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রথম সারির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি নারী শিক্ষা প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে। তিনি স্কুলের প্রতিষ্ঠাতা খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারই আন্তরিক প্রচেষ্টায় নারী শিক্ষার এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা সম্ভব হয়েছিল।

কেসিসি প্রশাসক আজ মঙ্গলবার সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫ ও ২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানে খুলনা বিশ^বিদ্যালয়ের অধীনে ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স, ফ্যাশান ডিজাইন এবং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল রিলেশনশিপ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। উল্লিখিত ৩টি বিষয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়ার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উইমেন্স কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রশাসক আরো বলেন, লেখাপাড়ায় মনোযোগী হয়ে মেধার বিকাশ ঘটিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠদানে আরো দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। শুধু এ শিক্ষা প্রতিষ্ঠান নয় মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: শাহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। স্বাগত বক্তৃতা করেন ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরীন নাহার বেগম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন নাজিফা নূর এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন আয়শা সিদ্দিকা। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, কলেজ শাখার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির