দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭৩ দিনে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৬০ জনে।

হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হিসাবটি ২৬ মে সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন ঢাকা বিভাগের, দুইজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ।

একই সময়ে দেশে ১ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৯৩৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৮৫ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশাল বিভাগে ১৪০ জন এবং খুলনা বিভাগে ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ শিশু।