বিনোদন ডেস্ক
চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতায় শুরু হয়েছে । গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ২ নভেম্বর পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘গুণিন’। ১ নভেম্বর কলকাতার নন্দনের ৩ নম্বর হলে বেলা সাড়ে ৩টা থেকে সিনেমাটি দেখতে পাবে দর্শক।
বাংলাদেশ সরকারের উদ্যোগে ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ মোট ৩৭টি সিনেমা প্রদর্শিত হবে।
সিনেমা হলের জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম ছবি যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তারপর ২৪ মার্চ চরকিতে মুক্তি পায় সিনেমাটি। গুণিন সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। অনলাইন।
হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প।
সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতিমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।