নির্বাচন ছিল ভোটারবিহীন প্রতারণামূলক,নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি শেখ হাসিনার

নিউজ ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ‘প্রহসন’ ও ‘প্রতারণামূলক’ বলেছেন৷ এক বিবৃতিতে তিনি এই কথা বলেন৷

শেখ হাসিনা বলেন, ‘‘… আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন৷ জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন৷’’

১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচায় টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়েই এই প্রহসনের সূচনা হয় বলে বিবৃতিতে বলেন তিনি৷ ‘‘১২ ফেব্রুয়ারি সকাল থেকে সারাদেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য,’’ যোগ করেন শেখ হাসিনা৷

নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘সকাল ১১টা পর্যন্ত ভোটগ্রহণের হার ছিল মাত্র ১৪.৯৬%৷ ভোটগ্রহণের উৎকর্ষ সময়ে জনগণের এই কম অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছে৷’’

তিনি দাবি করেন, বিগত কয়েক দিন ধরে আওয়ামী লীগের ভোটার, সমর্থক-শুভানুধ্যায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলা, গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে৷ ‘‘তবুও সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছে,’’ বলেন শেখ হাসিনা৷ -ডয়েচে ভেলে।

এই নির্বাচন বাতিল, অধ্যাপক ইউনূসের পদত্যাগ, সকল রাজবন্দির মুক্তি, আওয়ামী লীগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি৷