ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির উম্মেষ ঘটায়ঃ কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির উম্মেষ ঘটায়। শরীর ও মন ভালো থাকে। খেলাধুলা একদিকে যেমন শিক্ষার্থীদের উদ্যমী করে তোলে তেমনি শানিত হয় মেধা, বৃদ্ধি পায় সৃষ্টিশীলতা। ফলে তাদের মাদকাসক্ত করতে পারে না, বিপথেও চালিত করতে পারে না। সুতরাং জীবনে প্রতিষ্ঠা পেতে হলে লেখা-পড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলাও করতে হবে।

কেসিসি প্রশাসক আজ বৃহস্পতিবার দুপুরে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের অন্যতম একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, নারীদের জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান খুব কমই আছে যেখানে একই ক্যাম্পাসে প্লে থেকে অনার্স কোর্স সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দাবিসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং নতুন অধ্যক্ষের তত্ত্বাবধানে বিদ্যমান সকল সমস্যা ধারাবাহিকভাবে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সকালে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো: শাহিদুর রহমান-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা বিশ^বিদ্যালয়ের কন্ট্রোলার শেখ সারাফাত আলী, কেএমপি’র উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুম, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মো: আমিরুল আরাফাত, সদর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মমিন, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসার দিদার ও লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যদের অভিভাবক সদস্য শাহানা জাহান। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আয়োজিত ইপিআই কোয়ার্টার রিভিউ সভায় (৩য় ও ৪র্থ কোয়ার্টার) প্রধান অতিথির বক্তৃতা করেন। দাতা সংস্থা ইউনিসেফ-এর সহায়তায় খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার অয়োজন করে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. অপর্ণা সেন, ইউনিসেফ-খুলনার বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, কেসিসি’র বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার ও বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুল আহসান সজিব সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। কেসিসি’র স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির