ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন।
নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও অংশ নেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া।