নিউজ ডেস্কঃ
টাঙ্গাইলের করটিয়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারকে
কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,
করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উক্ত ঘটনায় বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।