নিউজ ডেস্কঃ
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ” অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ ” যৌথ মহড়া চলমান রয়েছে।
এই মহড়া আগামীকাল অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর শেষ হবে।
মহড়ার আওতায় উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন, কমব্যাট ট্র্যাকিং, সারভাইভাল এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে এমন মহড়া এবারই প্রথম নয় বলে জানিয়েছে আইএসপিআর।
সামরিক বাহিনীর এই সংস্থাটি জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে আজ(বুধবার) আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়।
এছাড়াও এই মহড়ায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
আইএসপিআর মঙ্গলবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নিয়েছে।
এছাড়াও বাংলাদেশের বিমান বাহিনীর দেড়শ সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্যের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। বিবিসি বাংলা।