চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব নাঃ প্রধান নির্বাচন কমিশনার  

নিউজ ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার যদি নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে তবে দায়িত্বে থাকবেন না । তিনি বলেন, চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব না।

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোটকেন্দ্র দখল বা অস্ত্রবাজির মাধ্যমে জেতার চেষ্টা করবেন তাদের জন্য খারাপ খবর অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে কি হবে না তা নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে কমিশন যেতে চায় না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ীই তারা কাজ করছে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধানে আনুপাতিক বা পিআর পদ্ধতি নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারব না। রাজনৈতিক দলগুলো এ নিয়ে বিতর্ক করছে। তবে আইন পরিবর্তন হলে তা বাস্তবায়ন সম্ভব।

 

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের আর নির্বাচনের দায়িত্বে রাখা হবে না।

 

এ সময় তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, লীগের বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক আদালতে কী হয়।