গোপালগঞ্জে জেলা প্রশাসন ফের ১৪৪ ধারা জারি করেছে 

নিউজ ডেস্কঃ

গোপালগঞ্জে জেলা প্রশাসন ফের ১৪৪ ধারা জারি করেছে । জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারি করেন।-অনলাইন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় এটি জারি থাকবে।

এ ধারা অনুযায়ী ওই সময় জেলার যেকোনও স্থানে যেকোনও ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা ও সরকারি অফিস ১৪৪ ধারার আওতামুক্ত রাখা হয়েছে। এ সময় সভা-সমাবেশ ও একাধিক ব্যক্তির একসঙ্গে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।’

গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখনও জেলার সর্বত্র বিরাজ করছে থমথমে অবস্থা, জনমনে আতঙ্ক। কারফিউয়ের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো জারি হলো ১৪৪ ধারা।

 

এদিকে টানা কারফিউ ও ১৪৪ ধারা জারিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ সাধারণ নাগরিকরা। তারা যত দ্রুত সম্ভব এ পরিস্থিতির উত্তরণ চান।

উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।