ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্কঃ

ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের (৫২) মরদেহ উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী। তার এক ঘণ্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে এসেছিল পুলিশ।

নিহত যুবদল নেতা আমজাদ হোসেন উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃধাকান্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। একটি মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাছাড়াও তার নামে ঢাকা জেলার বিভিন্ন থানায় রাজনৈতিক ও জমি-জমাসহ ২৭টি মামলা ছিল বলে  জানিয়েছেন তার স্বজনরা। অনলাইন।

জানা গেছে,আজ ভোর ৪টার দিকে আমজাদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে আসে নবাবগঞ্জ থানা-পুলিশ। তাকে না পেয়ে পুলিশ ফিরে যায়। এ সময় আমজাদের স্ত্রী ঘরের দরজা দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে জানালে আমজাদ বের হন। স্ত্রীর ধারণা, তিনি মসজিদে নামাজ পড়তে গেছেন। ভোর সাড়ে ৫টার দিকে মসজিদের মুসল্লিরা মৃধাকান্দার রাস্তা দিয়ে যাওয়ার পথে ক্ষেতের পাশে আমজাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তারা আমজাদের পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা আমজাদকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।