বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ
২৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন । এ সময় তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন, জাতির সূর্যসন্তান ৭১-এর শহিদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাঁরা দেশমাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও লাল-সবুজের পতাকা। তিনি নবীন কর্মকর্তাদের সামরিক অনুশাসন মেনে নিজেকে একজন আদর্শবান, মর্যাদাবান ও উন্নতচরিত্রের অধিকারী সেনাসদস্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
উল্লেখ্য যে, ২৭ মে ২০২৫ তারিখে বিমান বাহিনী প্রধান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছালে হাউস গার্ড তাকে গার্ড অব অনার প্রদান করে এবং এরপর তিনি একটি গাছের চারা রোপণ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশ-বিদেশ এর উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণের পিতা-মাতা ও অভিভাবকগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।