সংঘাতের একদিন পর পাকিস্তান জুড়ে রাতভর ড্রোন হামলা ভারতের

নিউজ ডেস্কঃ
ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের একদিন পর আবারও পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এর আগে গুলি চালিয়ে ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান।

গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী দুই দেশের দুই সপ্তাহের সীমান্ত উত্তেজনার পর বুধবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের এই হামলার দাতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। তার হুমকির মাঝেই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদরদপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে। এতে সেখানে অন্তত চার সৈন্য আহত হয়েছেন। এর আগে, তিনি বলেছিলেন অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে অনেক মানুষ জমায়েত হয়েছেন। এ সময় অনেকেই সামরিক স্থাপনার কাছাকাছি ভিড় জমান। লাহোরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ ও লাহোরে বিমানের উড্ডয়ন-অবতরণ সাময়িক স্থগিত রাখা হয়েছে।