খুবি’র ক্যাম্পাস সম্প্রসারণসহ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধান উপদেষ্টার নিকট সিভিল সোসাইটির স্মারকলিপি পেশ

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের
উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার
নিকট খুলনা সিভিল সোসাইটি স্মারকলিপি পেশ করেন। আজ ১০ এপ্রিল
(বৃহস্পতিবার) বিকাল ৩ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি
পেশ করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের
মানুষের জীবনমান উন্নয়নে কার্যকরি গবেষণা কার্যক্রম সম্পাদনের পাশাপাশি
উন্নত কারিকুলার মাধ্যমে শিক্ষাদান করছে। জনগণের দাবির প্রেক্ষিতে এ
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায়, এ বিশ্ববিদ্যালয়ের কাছে জাতির প্রত্যাশাও
অনেক। আট হাজারের অধিক শিক্ষার্থীদের জন্য এখানে প্রয়োজনীয় আবাসন
নেই। মাঠ গবেষণার জন্য পর্যাপ্ত জমিরও সংকট রয়েছে। এসকল সংকট দূরীকরণ ও
ভবিষ্যৎ চাহিদার নিরিখে জমি অধিগ্রহণ জরুরি হয়ে পড়েছে।
স্মারকলিপিতে নাগরিক নেতৃবৃন্দ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের মানুষের
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও
গবেষণার উন্নয়নে দেশ-বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ বিশ্ববিদ্যালয়টি।
যার ফলস্বরূপ আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন এবং এ
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা সুনামের সাথে বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে
নিয়োজিত রয়েছেন। প্রায়ই পত্র-পত্রিকার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের আবাসন
সংকট ও মাঠ গবেষণার জন্য জমি সংকটের বিষয়টি আমাদের নজরে আসে।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে জমি অধিগ্রহণ জরুরি হয়ে
পড়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৎস্য বীজ উৎপাদন খামারকে বিশ্ববিদ্যালয়ের
নিকট হস্তান্তর করলে জমি সংকট কিছুটা হলেও দূর করা সম্ভব হবে। এছাড়া
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লিনিয়ার পার্কে অসামাজিক কার্যকলাপ ও মাদকের
রমরমা আসর নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের পাশে এমন পরিবেশ
থাকলে শিক্ষার্থীরা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হতে পারে। তাই
এটি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা প্রয়োজন।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সোসাইটির আহ্বায়ক ও
বিশিষ্ট কর আইনজীবী এস এম শাহনওয়াজ আলী, খুলনা নাগরিক সমাজের
আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম
সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, খুলনা সিভিল
সোসাইটির সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, এ্যাড: মোমিনুল ইসলাম, এ্যাড:
আলফাজ হোসেন শেখ, এ্যাড: মামুনর রশীদ, এ্যাড: কাজী আমিনুল ইসলাম মিঠু,
এ্যাড: দেবানন্দ হুই চৌধুরী, শেখ মফিদুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, এম.
ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, সরদার আবু তাহের, মিয়া আরিফ হোসেন, নূরুন
নাহার হীরা, উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির