নিউজ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে হওয়া গায়েবি ও রাজনৈতিক মামলা আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে ।
আজ মঙ্গলবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক, হয়রানিমূলক ও গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি রয়েছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, ‘গায়েবি মামলা চিহ্নিত করার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, পুলিশের কাজে বাধা ইত্যাদি বিষয়ে করা যেসব মামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে এবং বহুসংখ্যক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’
‘ওইসব মামলাকে গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করার মানদণ্ড ধরা হচ্ছে। তবে এর মধ্যে যেগুলোর বিষয় সন্দেহ করার মতো কারণ আছে সেগুলোকে বিবেচনায় নেওয়া হচ্ছে না,’ বলেন আইন উপদেষ্টা।
এছাড়া, সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। আইন উপদেষ্টা বলেন, আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
অন্যদিকে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আওতায় বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আসিফ নজরুল বলেন, জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার বিচার এবং আগামী নির্বাচন আয়োজন সাংঘর্ষিক বিষয় হবে না। বিচার কাজের জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। অনলাইন।