বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবেঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বিভিন্নভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। কখনও আনসার বিদ্রোহ, কখনও সংখ্যালঘু, কখনও অটোরিকশার মাধ্যমে। প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। আজকে কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন শহিদুল ইসলাম ভূঁইয়া। তথ্যঃ অনলাইন।