অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর চিরবিদায়

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের রাজনীতিতে অগ্নিকন্যা হিসাবে সুপরিচিত
ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় আজ সকালে তাকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে জরুরি বিভাগেই তিনি মারা যান।

প্রসঙ্গত,, মতিয়া চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
ছয়বারের এই সংসদ সদস্য একাদশ ও দ্বাদশ সংসদে ক্ষমতাসীন দল নির্বাচিত সংসদ উপনেতা ছিলেন। এ ছাড়া, ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী।

।। বেগম মতিয়া চৌধুরীর সংক্ষিপ্ত জীবন ।।

মতিয়া চৌধুরী (জন্ম ৩০ জুন ১৯৪২ – মৃত্যু ১৬ অক্টোবর ২০২৪) পিরোজপুরে জন্মগ্রহণকারী বিশিষ্ট বাংলাদেশি নারী রাজনীতিবিদ। তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য।[১] তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সদস্য ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[২] তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।