নিউজ ডেস্কঃ
পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেটিতে সামান্য আগুন ধরলেও কেউ হতাহত হয়নি।সেটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারেন। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তাঁরা ছুরিকাঘাত করেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
কালো হয়ে যাওয়া সলতেসহ পেট্রলভর্তি কাচের বোতলটি উদ্ধার করেছে পুলিশ।
তাঁতীবাজার পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ প্রথম আলোকে বলেন, পেট্রলবোমা হামলা ও ছিনতাই দুটি পৃথক ঘটনা। পূজামণ্ডপে নাশকতার জন্য পেট্রলবোমা হামলা করা হয়েছে।
ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)। তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। সবাই আশঙ্কামুক্ত বলে কোতোয়ালি থানার এসআই মো. লিটন জানিয়েছেন। আর এ ঘটনায় আটক তিনজন হলেন গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর মো. জীবন (১৯)। তাঁরা কোতোয়ালি থানা হেফাজতে আছেন।
পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবকেরা রয়েছেন। অনলাইন
পুরো পূজামণ্ডপটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। সেখানকার একটি ফুটেজে দেখা গেছে, পূজামণ্ডপের পাশের একটি গলিতে তিন যুবক জড়ো হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে পূজামণ্ডপের কাছে এসে হামলা চালায়।