ফ্ল্যাট নিয়ে ডেভেলপার কোম্পানির সাথে বিরোধের জেরে খুন হলেন দীপ্ত টিভির কর্মকর্তা

নিউজ ডেস্কঃ
তানজিল জাহান ইসলাম তামিম (৩২) নামে এক যুবককে
রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় ফ্ল্যাটে ঢুকে মারধর ও গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক প্রকৌশলীসহ তিনজনকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানি ও তামিমদের বিরোধ চলছিল।

তামিমের বাবার অভিযোগ, প্লিজেন্ট প্রপার্টিস লিমিটেডের নামে ওই কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মহানগর প্রজেক্টের ওই বাড়িটির ল্যান্ড ডোনার তামিমের বাবাসহ মোট তিনজন। তাদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জের ধরে ওই বাড়িতে ঢোকেন প্লেসান্ট প্রোপার্টিস নামে ডেভলপার কোম্পানির লোকজন। তাদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছিলেন।

তারা ল্যান্ড ডোনারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। তর্কাতর্কির এক পর্যায়ে তারা তামিমের বুকে কিল-ঘুষি দেন। এরপর তার গলা টিপে ধরেন। তামিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।অনলাইন।

হাতিরঝিল থানা থেকে পুলিশ সদস্যরা এসে প্লিজেন্ট প্রপার্টিস লিমিটেডের প্রকৌশলীসহ তিনজনকে আটক করে নিয়ে যান।