পুলিশ সংগঠিত হয়ে কাজ শুরু করতে পারলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবেঃ সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করতে পারলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে ।

আজ (১২ আগস্ট) সোমবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বাংলাদেশ সেনাপ্রধান ।

এসময় তিনি বলেন, ‘পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি,। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের পরিস্থিতি খুব স্বাভাবিক।

থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, ‘সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।’

সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, ‘সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে পলিটিক্যাল কারণে।’

এসময় সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’ অনলাইন।

এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।