গোপালগঞ্জে সেনাবাহিনীর টহলকালে বিক্ষোভকারীদের হামলাঃ আইএসপিআর

নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে শনিবার বিক্ষোভকারীরা সেনাবাহিনীর দুটি টহল দলকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালালে কমপক্ষে নয়জন সেনা সদস্য আহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
গতরাতে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়,বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্বপালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে গমন করে।
আইএসপিআর জানায়,এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়।
উল্লেখ্য, উক্ত ঘটনায় আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাংচুর করে।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বাসস।