আবহাওয়া ডেস্কঃ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সকালে দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম জানান, ঈদের আগে ও পরে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। চট্টগ্রামে এই বিভাগগুলোর তুলনায় কিছুটা কম বৃষ্টি হবে। আর ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে তা খুব কম। ঢাকার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আজকের পর থেকে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।
আজ ১৪ জুন শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।