কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ বলেছেন, স্কুল জীবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনটি ছাত্র-ছাত্রীদের কাছে অবিস্মরণীয় একটি দিন। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনকে কেন্দ্র করে সারা বছর শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে থাকে।

কেসিসি’র প্রশাসক আজ মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্কুল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। আাগামী দিনে তোমরা কি হবে সেই স্বপ্ন এখনি ঠিক করে নিতে হবে। লক্ষ্য নির্ধারণ করে তা হৃদয়ে লালন করে অর্জন না হওয়া পর্যন্ত থেমে থাকা যাবে না। চেষ্টার সাথে মহান সৃষ্টিকর্তার রহমত সম্পৃক্ত থাকে উল্লেখ করে তিনি বলেন, কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাওয়া সম্ভব। তিনি স্কুলের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, প্রশাসকের একান্ত সচিব মো: আমিরুল আরাফাত, খান জাহান আলী থানা শিক্ষা কর্মকর্তা মোসা: রুমানাই ইয়াসমিন, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খালিশপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রাজ্জাক খান, সদস্য সচিব শেখ আনসার আলী ও সমাজসেবক শফিকুল ইসলাম বাবুল। স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির