নিউজ ডেস্কঃ
এলপিজি দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২১৯ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২৫৪ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা।
আজ মঙ্গলবার বিকেলে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। অনলাইন।
দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী, আ ব ম ফারুক, বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।
আজ সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে দাম বেড়েছিল ১২ টাকা।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০১ টাকা ৬২ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৬ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।