খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল
বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়ার পর থেকে মানুষ তথ্য প্রযুক্তির দিকে অগ্রসর
হতে শুরু করে। পরবর্তীতে তাঁর সুযোগ্য পুত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ খাতের উন্নয়নে এগিয়ে আসেন
এবং তারই যোগ্য নেতৃত্বে দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটে।
সিটি মেয়র আজ সোমবার সকালে নগরীর জলিল টাওয়ারে খুলনা কম্পিউটার
মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা
কম্পিউটার ব্যবসায়ী সমিতি ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে।
দেশে তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক
কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারের বিষয় উল্লেখ করে সিটি মেয়র
আরো বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী এ পদক্ষেপের কারণে দেশের প্রযুক্তি
খাত উজ্জীবিত হয়। ডিজিটাল প্রযুক্তির কারণেই করোনা মহামারীর সময়ে
আমাদের জীবন যাত্রা ব্যহত হতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া-এর সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বাংলাদেশ
কম্পিউটার সমিতির মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, স্মার্ট
টেকনোলজিস (বিডি) লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল
ইসলাম, গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লি: এর পরিচালক জসীম উদ্দীন খোন্দকার ও
সৈয়দ এ জলির এন্ড কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়েদা চালিয়ারা
খানম। স্বাগত বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক এইচ এম
মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সম্মানিত
অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলসহ অন্যান্য
অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মানিত অতিথির
অনুপস্থিতিতে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ড. সাইদুর রহমান সম্মাননা ক্রেস্ট
গ্রহণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির