খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুজনিত কারণে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারও যথাযথ গুরুত্বের সাথে শিশুদের টিকার আওতায় আনার সকল আয়োজন সম্পন্ন করেছে। সোমবার থেকে সারা দেশের ন্যায় খুলনা মহানগরীতে মাসব্যাপী হাম-রুবেলা টিকা প্রদান শুরু হচ্ছে। একটি শিশুও যেন এ টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
কেসিসি প্রশাসক আজ রবিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আয়োজিত এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
সভায় কেসিসি প্রশাসক ধর্মীয় প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজের সম্মানিত মানুষ। সমাজের মানুষ আপনাদের কথা গুরুত্বের সাথে বিবেচনা করে। যে কোন বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকার কথা তুলে ধরে তিনি শিশুদের হাম-রুবেলা টিকার আওতায় আনার বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ‘‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’’ সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ (এক) ডোজ হামের টিকা প্রদান করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইসলামিক ফউন্ডেশন-খুলনার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব ও বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফ। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। সভায় নগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ সভায় অংশগ্রহণ করেন।খবরঃ বিজ্ঞপ্তির