শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল, বিশ্বশান্তি জন্য দোয়া

সংগৃহীত ছবি।

নিউজ ডেস্কঃ
ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের রেকর্ড ছাড়ানো বিশাল জনসমুদ্র। ঈদের আগের দিন থেকেই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শোলাকিয়ার দিকে যাত্রা শুরু করেন। ঈদের দিন ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকাগুলোর মুসল্লিরা ঈদগাহ অভিমুখে ছুটে আসেন। এবার পাঁচ লাখেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা। অনলাইন।

জামাতের পর মুসল্লিরা বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের আহ্বান জানানো হয়। শোলাকিয়ার ঈদ জামাত এবারে ছিল ১৯৮তম, যা প্রতি বছর মুসল্লিদের মিলনস্থলে পরিণত হয়। সকাল ১০টায় শুরু হওয়া জামাতের ইমামতি করেন জেলা শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।
ঈদের জামাতকে কেন্দ্র করে শোলাকিয়া ও তার আশপাশের এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়, যাতে মুসল্লিরা নিরাপদে জামাতে অংশ নিতে পারেন। এবার প্রথমবারের মতো সেনাসদস্যরা নিরাপত্তার দায়িত্বে যুক্ত হন। পুরো মাঠ এবং শহর সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, এবং নিরাপত্তা চৌকি ও ওয়াচ টাওয়ারেও ছিল পুলিশ ও র‌্যাব সদস্যরা।

শোলাকিয়া ঈদগাহ মাঠের আয়তন ৭ একর এবং প্রায় ২০০ বছর ধরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ১৮২৮ সালে সাহেববাড়ির সুফি সৈয়দ আহমদ প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেন এবং তার পর থেকে এটি ধারাবাহিকভাবে হয়ে আসছে।

ঈদগাহ মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটেও মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।