নিউজ ডেস্কঃ
রেলে নাশকতার আশঙ্কা পিছু ছাড়ছে না । তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে ভয়ংকর নাশকতার ঘটনায় গোটা ট্রেনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রেল মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে রেলের নিরাপত্তায় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট নিরাপত্তা দিতে তাদের কার্যক্রম শুরু করেছে। পুলিশ, আনসার, র্যাব, রেলপুলিশ ও আরএনবির প্রায় ১০ হাজার সদস্য সারা দেশের ৩ হাজার ৪০০ কিলোমিটার রেলপথের নিরাপত্তা দিচ্ছে।
এর মধ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে রেল মন্ত্রণালয় সারা দেশে রাত্রিকালীন ছয়টি ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। এখন থেকে সম্ভাব্য নাশকতার ঝুঁকিপূর্ণ রেলপথে টহল ইঞ্জিন চালু করে রেললাইনের নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করার ঘোষণা দিয়েছে রেলপথ অধিদপ্তর। এর পাশাপাশি শুক্রবার থেকে সারা দেশের রেল স্টেশন, রেললাইন ও ট্রেনে ২ হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও বিমানবন্দর রেল স্টেশনে র্যাবের টহল দল মোতায়েন করা হয়েছে। এই দুটি স্টেশনে র্যাব ডগ স্কোয়াডও মোতায়েন করেছেবলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।