নিউজ ডেস্কঃ
বিএনপির নেতা নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’
রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাচ্ছে । দলটির নির্বাচনী প্রতীক হবে ‘সোনালি আঁশ’।
সর্বোচ্চ আদালতের আদেশে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হচ্ছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আলমগীর।
তিনি বলেন, অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেয়ার জন্য আমাদের নির্দেশ দেয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি গঠনের সময়ই দলটিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন হুদাকে।
খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকেবুকে বিএনএফ নামে নতুন দল গঠন করেন হুদা।
২০১৮ সালের নির্বাচনের আগে ইসির নিবন্ধন পেতে আবেদন করে তৃণমূল বিএনপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করা, সরকার নির্ধারিত ফির চালান জমা না দেয়া এবং নিবন্ধন দেয়ার মতো তথ্য না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন প্রত্যাখ্যান করে ইসি।
নিবন্ধন না মেলায় আদালতে যান ব্যারিস্টার নাজমুল হুদা। সেখানে পক্ষে আদেশ পেয়ে এখন নিবন্ধন পেতে যাচ্ছে তার দলটি। অনলাইন।
তৃণমূল বিএনপিকে দ্রুতই নিবন্ধন দেয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, দেরি করার তো সুযোগ নেই। আদালত নির্দেশনা দেয়ার পর তো আর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই। কেননা আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য।
নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পরই তা ইসির তালিকাভুক্ত হবে।